নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর এলাকার একটি পুকুর থেকে দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় কুমির উদ্ধার করেছেন বন বিভাগের কর্মীরা।
বৃহস্পতিবার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভরঞ্জি পাড়ার একটি পুকুরে দুপুর ১২টা থেকে বন বিভাগের কর্মী ও জেলেদের সমন্বয়ে কয়েক দফা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে কুমিরটি উদ্ধার করা হয়।
বন্দর উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার কুমির উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, পুকুরে জাল ফেলে কুমিরটি আটক করা হয়েছে। এটি গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়দের ভাষ্য, গত মঙ্গলবার বিকেলে ওই পুকুরে কুমিরটির দেখা মেলে। এ খবর ছড়িয়ে পড়লে পুকুরপাড়ে ভিড় করেন উৎসুক লোকজন। পরে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে বিষয়টি জানান।
খবর পেয়ে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে কুমির উদ্ধারে অভিযান শুরু হয়। এ সময় দুটি পাম্প ও ফায়ার সার্ভিসের একটি পাম্প দিয়ে পুকুরের পানি নিষ্কাশন করে প্রায় দুই থেকে আড়াই ফুট পানি কমানো হয়। পরে জাল ফেলে কুমিরটি আটক করা হয়।
এলাকাবাসীর ধারণা, এর আগে গত ১৯ সেপ্টেম্বর তিনগাঁও এলাকায় দেখা দেওয়া কুমিরটি ওই পুকুরে আশ্রয় নিয়েছিল।