বরিশালের প্রায় আড়াইশ' বছরের ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘির প্রাকৃতিক সৌন্দর্য, পাখির অভয়ারণ্য, মৎস্যসম্পদ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের তীর্থস্থানের সুরক্ষা নিশ্চিত করতে লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে বরিশাল সদর ও বাবুগঞ্জ উপজেলার বাসিন্দাদের পক্ষে জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন ইনজামুল হক শুভ, মো. সাকিল হোসেন, তারেকুল ইসলামসহ স্থানীয় প্রতিনিধিরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বরিশাল শহর সংলগ্ন বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দিঘি এ অঞ্চলের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র, পাখির অভয়ারণ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। এটি ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া হলে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, লিজগ্রহীতা অধিক মুনাফার জন্য দিঘিতে রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার ও ব্যাপকভাবে মাছ ধরার জাল ফেলতে পারে, যা পাখির আবাসস্থল এবং জলজ পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। পাশাপাশি পর্যটকদের সঙ্গে লিজগ্রহীতার বিরোধ, সরকারি সম্পদের অপব্যবহার, মাদকাসক্তদের আনাগোনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও রয়েছে।
স্থানীয়দের দাবি, বরিশাল অঞ্চলে সরকারি-বেসরকারি বিনোদনকেন্দ্রের সংখ্যা খুবই সীমিত। দুর্গাসাগর লিজ দেওয়া হলে সাধারণ মানুষ, শিশু-কিশোর এবং সৌখিন মৎস্য শিকারীরা একটি গুরুত্বপূর্ণ বিনোদন ও অবকাশকেন্দ্র থেকে বঞ্চিত হবেন। এতে শিশুদের মোবাইলনির্ভরতা ও স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে।
স্মারকলিপিতে দুর্গাসাগরের লিজ প্রক্রিয়া বাতিল করে সরকারের সরাসরি তত্ত্বাবধানে অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, পর্যটনবান্ধব সুবিধা বৃদ্ধি এবং পাখির অভয়ারণ্য রক্ষার উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে এটিকে পরিকল্পিতভাবে উন্নয়ন করে লাভজনক ও পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্রে পরিণত করার আহ্বান জানানো হয়।
এ স্মারকলিপির অনুলিপি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বরিশালের বিভাগীয় কমিশনার এবং বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের কাছেও পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক মো. মামুন খন্দকার স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, যথাযথ প্রক্রিয়ায় এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ২ জুন বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মারযুক রহমান রিফাত স্বাক্ষরিত এক সরকারি স্মারকে জানানো হয়, বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় দুর্গাসাগর দিঘি ও পাখি অভয়ারণ্য প্রকল্প ইজারা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদেই স্থানীয়রা স্মারকলিপি প্রদান করেছেন।