নরসিংদী মডেল থানা পুলিশ রাত্রীকালীন বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ১২ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৪ আগস্ট) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত এবং একাধিক মামলার আসামিদের আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চুরি, মাদক, অস্ত্র, মারামারি ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে মো. শাহীন (৩১)-এর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চুরি ও মাদকসহ মোট চারটি মামলা রয়েছে। শাহীন (৩০)-এর বিরুদ্ধে তিনটি চুরি মামলা রয়েছে। রমজান (২৪)-এর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও মাদকসহ মোট পাঁচটি মামলা রয়েছে।
এছাড়া রুবেল মিয়ার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও মাদকসহ পাঁচটি, রবিন মিয়ার বিরুদ্ধে চুরি ও মাদকসহ পাঁচটি এবং শাকিলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, মাদক ও মারামারিসহ মোট ছয়টি মামলা রয়েছে। অপরদিকে গ্রেপ্তার মিজানের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে নরসিংদী মডেল থানা পুলিশ জানিয়েছে।