শিরোনাম
শুভেচ্ছা বিনিময়

রংপুরে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী

রংপুরে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী
বাসস

রংপুরের ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ১১টার দিকে মন্দিরে পৌঁছে তিনি পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত নেড়ে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী মন্দিরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান রাধা গোবিন্দ ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবতোষ সরকার বাচ্চু, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি রাম জীবন কুন্ড, রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় এবং মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগ।

এর আগে সকাল সাড়ে ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রায় রংপুরের পথে যাত্রা করেন প্রধানমন্ত্রী। তারাগঞ্জ ও পাগলাপীরসহ বিভিন্ন স্থানে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতা-কর্মী ও সমর্থকেরা তাঁকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও গাড়ি থেকে হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন।

রংপুরের ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সেখান থেকে তাঁর রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম রংপুর সফর।

উল্লেখ্য, ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হয়। ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। সূচি অনুযায়ী, ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের এ উৎসব শেষ হওয়ার কথা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর