শিরোনাম

সাপের আতঙ্কে সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারীরা

সাপের আতঙ্কে সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারীরা

সাপের আতঙ্কে দিন কাটাচ্ছেন নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারীরা। সম্প্রতি কারখানার ভেতরে বিষধর সাপের কামড়ে এক নারী কর্মচারী আহত হওয়ার পর এ আতঙ্ক আরও বেড়েছে।

গত ২৩ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে কারখানার ভেতরে সাপের কামড়ে আহত হন নুসরাত জাহান নামে এক নারী কর্মচারী। তিনি ২০২৩ সালে খালাসী পদে নিয়োগ পেয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানায় কর্মরত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাপে কাটার পর কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়কের (ডিএস) গাড়িতে দ্রুত নুসরাতকে সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

সহকর্মীকে সাপে কামড়ানোর ঘটনার পর কারখানার শ্রমিক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের অভিযোগ, কারখানার বিভিন্ন স্থানে ঝোপঝাড়, আগাছা ও অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় সেখানে সাপের উপদ্রব বেড়েছে।

শ্রমিক-কর্মচারীরা জানান, প্রতিদিন দীর্ঘ সময় কারখানায় কাজ করতে হয় তাদের। কর্মস্থলে সাপের আতঙ্ক থাকায় স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হচ্ছে। দ্রুত কারখানা এলাকার ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার, সাপের উপদ্রব নিয়ন্ত্রণ এবং শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, কারখানার জঙ্গল ও ঝোপঝাড় পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমিক-কর্মচারীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর