শিরোনাম

পঞ্চগড়ে বেকার যুবকদের ‘ইলেকট্রিক হাউস ওয়্যারিং’ প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি

পঞ্চগড়ে বেকার যুবকদের ‘ইলেকট্রিক হাউস ওয়্যারিং’ প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি

পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকার শিক্ষিত ও বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে পরিণত এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘ইলেকট্রিক হাউস ওয়্যারিং’ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন।

রোববার (২৩ আগস্ট) বিকেলে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী বেকার যুবকদের ইলেকট্রিক হাউস ওয়্যারিংয়ের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তারা নিজ এলাকায় কাজের সুযোগ তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছে বিজিবি।

এ ছাড়া সীমান্ত এলাকার যুবসমাজকে মাদক, সন্ত্রাস, চোরাচালানসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস।

বিজিবির এমন উদ্যোগকে সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর