বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় নীলফামারীর সৈয়দপুরে তিন ব্যবসায়ীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক ও শেরে বাংলা সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার কথা থাকলেও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান নির্ধারিত সময়ের পরও খোলা ছিল। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেন।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সৈয়দপুর জিআরপি ক্যান্টিনসংলগ্ন এলাকার ‘বেবি শপ’ নামের কাপড়ের দোকানকে ৫ হাজার টাকা, শেরে বাংলা সড়কের **‘বাটা সু’**কে ৫ হাজার টাকা এবং একই এলাকার **‘জান্নাত কসমেটিক’**কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যবসায়ী দ্রুত দোকান বন্ধ করে চলে যান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখতে হবে। যারা নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখবেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।