শিরোনাম

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ২২ জন, এক নারীর মৃত্যু

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ২২ জন, এক নারীর মৃত্যু

সাতক্ষীরায় ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ ছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নাছিমা খান চৌধুরী (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

নাছিমা খান চৌধুরী সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া এলাকার বাসিন্দা। গত ২৬ সেপ্টেম্বর রাতে ডেঙ্গু শনাক্ত হওয়ার পর তাকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার ব্লিস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় তার মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের ৩০ সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, চলতি বছর সাতক্ষীরায় এ পর্যন্ত ৬২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৫৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ১৫ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৫৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরা সিভিল সার্জনের প্রতিনিধি চিকিৎসক জয়ন্ত কুমার জানান, সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। রোগীর চাপ বাড়ায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

এদিকে ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সচেতন মহল। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর