শিরোনাম

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫

সাতক্ষীরায় দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সাতক্ষীরায় মোট ২২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উন্নত চিকিৎসার জন্য তিনজন রোগীকে অন্যত্র রেফার করা হয়েছে।

ডেঙ্গু রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় জেলার হাসপাতালগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। চিকিৎসকরা জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালে সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, জেলা সদর ও উপজেলা হাসপাতালগুলোতে হঠাৎ করে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। বাড়িঘর ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর