শিরোনাম

সৈয়দপুরে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

সৈয়দপুরে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি, ক্রয়ের রসিদ সংরক্ষণ না করা এবং মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে নীলফামারীর সৈয়দপুরে দুই ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে শহরের শেরে বাংলা সড়কে এ অভিযান পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। অভিযানে এস এ ট্রেডিংকে ৫ হাজার টাকা এবং মো. আনারুল ইসলামের হার্ডওয়্যারের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সৈয়দপুর থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

অভিযান সূত্রে জানা যায়, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির পাশাপাশি দোকানে মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়ের রসিদ সংরক্ষণসংক্রান্ত অনিয়ম পাওয়া যায়। এসব কারণে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জরিমানা করা হয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, “নির্ধারিত ১ হাজার ৮৩৭ টাকার চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করা হচ্ছিল। ব্যবসায়ীরা নিজেরাই স্বীকার করেছেন, তাঁরা এক থেকে দুই টাকা বেশি নিচ্ছিলেন। এ ছাড়া দোকানে গ্যাসের মূল্যতালিকাও দেখাতে পারেননি। এ কারণে তাঁদের জরিমানা করা হয়েছে।”

তিনি আরও বলেন, নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর