বাগেরহাটের ফকিরহাটে তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে মোবাইল ফোন বিতরণ করেছে অলাভজনক সামাজিক সংগঠন বুলবুল ফাউন্ডেশন।
সম্প্রতি ফকিরহাটে আয়োজিত এক অনুষ্ঠানে ফকিরহাট সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দফাদার ও মহল্লাদারদের হাতে এসব মোবাইল ফোন উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
মোবাইল ফোনপ্রাপ্তরা হলেন—২ নম্বর ওয়ার্ডের শেখ আমির আলী, ৩ নম্বরের চাঁন শেখ, ৪ নম্বরের মেহেদি হাসান রানা, ৫ নম্বরের হানিফ সরদার, ৬ নম্বরের দেলোয়ার শেখ এবং ৯ নম্বর ওয়ার্ডের মামুন শেখ।
অনুষ্ঠানে বুলবুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ তানভীর ইসলাম লিমন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মুশফিকুজ্জামান রিপন, বিরেন চন্দ্র রায়, বিএনপি নেতা শেখ তৌহিদুল ইসলাম (লায়ণ), ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলী, মুরাদ হোসেন, মো. কালাম শেখ, পলাশ ঘোষ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা গ্রাম পুলিশ সভাপতি মো. মেহেদি হাসান রানাসহ ইউনিয়ন গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং সরকারি নির্দেশনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার ফলে থানা, ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগের সুযোগ তৈরি হবে।
তাঁরা আরও বলেন, এ যোগাযোগব্যবস্থা স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধ, দুর্যোগকালীন জরুরি বার্তা পৌঁছে দেওয়া এবং নাগরিক সেবা সহজতর করতে সহায়ক হবে। এ ধরনের সময়োপযোগী সামাজিক উদ্যোগের জন্য বুলবুল ফাউন্ডেশনের প্রশংসা করেন বক্তারা।
মোবাইল ফোন উপহার পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, জরুরি পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদ, থানা ও স্থানীয় মানুষের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এখন আরও সহজ হবে।