শিরোনাম

কালীগঞ্জে ৪৪ মণ্ডপে শঙ্কাহীন পরিবেশে দুর্গাপূজা উদযাপন

কালীগঞ্জে ৪৪ মণ্ডপে শঙ্কাহীন পরিবেশে দুর্গাপূজা উদযাপন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ৪৪টি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসবকে ঘিরে মণ্ডপগুলোতে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। পূজার নিরাপত্তায় পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

পূজার নির্ধারিত সূচি অনুযায়ী, ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

উপজেলার পৌরসভার মুনসুরপুর এলাকার মনসাতলা দুর্গাপূজা মণ্ডপের পুরোহিত প্রেমানন্দ চক্রবর্তী বলেন, ভয়, দুঃখ, শোক ও যন্ত্রণা থেকে ভক্তদের রক্ষা করেন দেবী দুর্গা। তাঁর ভাষ্য অনুযায়ী, রাবণকে পরাজিত করে সীতাকে উদ্ধারের পর থেকেই শরৎকালে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দুর্গোৎসব পালনের ঐতিহ্য প্রচলিত রয়েছে।

উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি প্রদীপ মিত্র ভজন বলেন, এবার উপজেলার ৪৪টি পূজামণ্ডপে শঙ্কাহীন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। উৎসবকে আনন্দমুখর করতে প্রতিটি মণ্ডপে বর্ণিল আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। ঢাক-ঢোল, কাঁসা ও শঙ্খের ধ্বনিতে মুখর হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো।

তিনি আরও বলেন, পূজার নিরাপত্তায় পুলিশ, আনসার, বিজিবি, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। স্থানীয় সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে উৎসব আরও প্রাণবন্ত হয়ে উঠেছে বলেও দাবি করেন তিনি। এ ছাড়া সরকারি অনুদান হিসেবে প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পুলিশ প্রস্তুত রয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। পূজামণ্ডপ এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর