শিরোনাম

বিএনপি ঐক্যবদ্ধ থাকলে ‘ফ্যাসিস্টরা’ কিছুই করতে পারবে না: পঞ্চগড়ে প্রতিমন্ত্রী আজাদ

বিএনপি ঐক্যবদ্ধ থাকলে ‘ফ্যাসিস্টরা’ কিছুই করতে পারবে না: পঞ্চগড়ে প্রতিমন্ত্রী আজাদ

বিএনপি ঐক্যবদ্ধ থাকলে ‘ফ্যাসিস্টরা’ কোনো কিছু করতে পারবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, ‘একাত্তরে যারা রাজাকার ছিল, নব্বইয়ে যারা স্বৈরাচার ছিল এবং চব্বিশে যারা বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি-মুনাফিকি করেছে, তারা প্রয়োজনে এক হতে পারে।’

শনিবার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি।

ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘স্থানীয় নির্বাচন আসছে। অনেকে হয়তো বিভিন্নভাবে ভোটে জয়যুক্ত হওয়ার জন্য ফ্যাসিস্টের সঙ্গে আঁতাত করতে চেষ্টা করছেন। ওই ফ্যাসিস্টরা যেন আমাদের ভোটে অন্তর্ভুক্ত হতে না পারে, এ জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি আমাদের দলের কার্যক্রমকে, আমাদের সরকারের কার্যক্রমকে মাঠে-ঘাটে, হাটে-বাজারে প্রচার করতে পারি, আমার বিশ্বাস ওই গুপ্ত-সুপ্তরা ঐক্য হয়ে আমাদের কোনো কিছু করতে পারবে না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কয়েকদিন আগে এক দলের নেতার বক্তব্যে একটি জিনিস পরিষ্কার হয়েছি যে কারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। যেখানে সন্ত্রাস, যেখানে অগ্নিসংযোগ, যেখানে ককটেল, যেখানে বোমা, যেখানে ওই ফ্যাসিস্ট, সেখানে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রতিহত করতেই হবে।’

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন ও জুলাই অভ্যুত্থানে জিয়া পরিবার, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের অবদান রয়েছে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে ফরহাদ হোসেন আজাদ বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে যারা মামলা ও কারাভোগ করেছেন, তাঁদের অগ্রাধিকার দিয়ে দলের কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি বলেন, ‘এখন যদিও অনেক জায়গায় হাইব্রিডরা চলে আসার চেষ্টা করছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেসেজ ক্লিয়ার—যারা বিগত দিনে আন্দোলন-সংগ্রামে জেল-জুলুম স্বীকার হয়েছেন, আমরা তাদেরকে প্রিভিলেজ দিয়ে, তাদেরকে সামনে রেখে দলের কাজ করব।’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পঞ্চগড় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর