নীলফামারীর সৈয়দপুরে বালুবোঝাই একটি ডাম্প ট্রাকের চাপায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সৈয়দপুর পৌরসভার রংপুর-দিনাজপুর বাইপাস সড়কের ইউনিক অটো মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাস্তা পারাপারের সময় বৃদ্ধা বালুবোঝাই একটি ডাম্প ট্রাকের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ও তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, দুর্ঘটনায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।