ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব নিয়োগ পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সময়ের নিয়োগ কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেবে কমিটি।
এদিকে, জুলাই অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে শিক্ষকদের ভূমিকা খতিয়ে দেখতে পৃথক চার সদস্যের একটি টিমও গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ওই টিম অভিযোগগুলো যাচাই-বাছাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, স্বচ্ছতা, জবাবদিহি এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ সুসংহত করার লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্ত ও পর্যালোচনা শেষে কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।