সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার গুদামজাত করার অভিযোগে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর-২ মো. মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে তাঁর গুদাম থেকে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে মনিরুল ইসলামের সার গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে একটি অটোরিকশায় করে প্রায় ২০ থেকে ২৫ বস্তা সার ওই গুদামে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান।
পরে ইউএনওর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন এবং কামারখন্দ থানার ওসি মো. হাশমত আলী ঘটনাস্থলে যান।
অভিযান শেষে উপজেলা প্রশাসন জানায়, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারা অনুযায়ী বিনির্দেশবহির্ভূতভাবে সার গুদামজাত করার অপরাধে মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁর গুদামে মজুত ১৮ বস্তা ইউরিয়া সার সরকারের অনুকূলে জব্দ করা হয়।