শিরোনাম

মেয়ের বিয়ের স্বপ্নে লালন করা তিন গরু হারিয়ে অসহায় পরিবারকে মহালছড়ি জোনের সহায়তা

মেয়ের বিয়ের স্বপ্নে লালন করা তিন গরু হারিয়ে অসহায় পরিবারকে মহালছড়ি জোনের সহায়তা

মেয়ের বিয়ের স্বপ্নে দীর্ঘদিন ধরে লালন-পালন করা তিনটি গরু হারিয়ে অসহায় হয়ে পড়া পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে মহালছড়ি জোনের পক্ষ থেকে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার শান্তিনগর গ্রামের ক্ষতিগ্রস্ত দিনমজুর সুমের আলীর পরিবারের হাতে সহযোগিতা তুলে দেওয়া হয়।

এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শান্তিনগর এলাকায় ১১ হাজার কেভি বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে সুমের আলীর গোয়ালঘরের ওপর পড়ে। এতে গোয়ালঘরে বিস্ফোরণ ও আগুনের সৃষ্টি হয়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোয়ালঘরে থাকা তিনটি গরু ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয়রা জানান, গরুগুলো ছিল সুমের আলীর পরিবারের ভবিষ্যতের অন্যতম সম্বল। ছেলেহীন পরিবারটি দীর্ঘদিন কষ্ট করে গরুগুলো লালন-পালন করছিল। মেয়ের বিয়ের খরচের আশায় গরুগুলোকে তারা সঞ্চয়ের মতো করে রেখেছিলেন। আকস্মিক দুর্ঘটনায় প্রায় আড়াই লাখ টাকা মূল্যের তিনটি গরু হারিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে।

পরিবারটির দুরবস্থার বিষয়টি জানার পর মঙ্গলবার সকালে মহালছড়ি জোনের পক্ষ থেকে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-জাবির আসিফ, পিএসসির উদ্যোগে তাদের সহযোগিতা করা হয়।

সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় সাধারণ মানুষের সুখে-দুঃখে সেনাবাহিনীর এমন সহযোগিতা অসহায় মানুষের মনে আস্থা ও সাহস তৈরি করে।

স্থানীয়দের ভাষ্য, তিনটি গরু হারানোর ক্ষতি কোনো সহযোগিতাতেই পুরোপুরি পূরণ হওয়ার নয়। তবে দুঃসময়ে একটি পরিবারের পাশে দাঁড়ানোই বড় মানবিকতা। একই সঙ্গে তারা ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য সরকারি পর্যায় থেকেও প্রয়োজনীয় সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানান।

মহালছড়ি জোনের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারটির মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। স্বজন ও স্থানীয়রা আশা করছেন, সরকারি-বেসরকারি আরও সহযোগিতা পেলে পরিবারটি এই ক্ষতি কাটিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর