নেত্রকোণা প্রতিনিধি:নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিটির চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সোমবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে আন্তঃনগর হাওর এক্সপ্রেস। মঙ্গলবার ভোরে ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনটি স্টেশনে অবস্থান করছিল। এ সময় ট্রেনের গার্ড ও কর্মীরাও খাবার খেতে বাইরে যান।
এই সুযোগে দুর্বৃত্তরা ট্রেনের একটি বগিতে আগুন দেয় বলে ধারণা করা হচ্ছে। আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে ট্রেনের কর্মীরা দ্রুত ফিরে এসে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে থাকা একটি বগিতে আগুন দেওয়া হয়। ওই স্থানটি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে। আগুনে বগিটির ৫-৬ ও ১১-১২ নম্বর আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, ট্রেনটি ফাঁকা অবস্থায় স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় আগুন দেওয়া হয়। পরে ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এদিকে আগুনের ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময় সকাল ৮টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে মোহনগঞ্জ স্টেশন ছেড়ে যায় হাওর এক্সপ্রেস।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।