তৃণমূল পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা ও তাদের অর্থায়নের আওতায় আনতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় মানিকগঞ্জ জেলার চূড়ান্ত উদ্যোক্তা বাছাই কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল।
রোববার (৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) পর্যন্ত তিন দিনব্যাপী এ কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার আবেদনকারীদের সাক্ষাৎকার ও মূল্যায়নের মাধ্যমে অর্থায়নের জন্য চূড়ান্ত উদ্যোক্তা নির্বাচন করা হবে।
‘উদ্যোগ’ (Upazila-Driven Youth Opportunity for Growth) কর্মসূচির লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা তৈরি, স্বাবলম্বী সমাজ গঠন এবং জাতীয় অর্থনীতিতে গতিশীলতা আনা। প্রথম পর্যায়ে আটটি জেলায় এ কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে মানিকগঞ্জের উদ্যোক্তা বাছাই পর্বকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ ব্যাংক।
বাছাই কার্যক্রমে আবেদনকারীদের ব্যবসায়িক উদ্যোগ মূল্যায়ন ও দিকনির্দেশনা দিতে দেশের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও করপোরেট ব্যক্তিত্বরা অংশ নেবেন।
মূল্যায়ন কার্যক্রমে অতিথি হিসেবে থাকবেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান রুবানা হক, ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসের এজাজ বিজয়, অন্যরকম গ্রুপের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ এবং পাঠাও লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ের আটটি জেলায় সাড়া পাওয়ার পর ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশের বাকি ৫৬ জেলাতেও উদ্যোক্তা অনুসন্ধান ও আবেদন গ্রহণ কার্যক্রম চলছে।
কর্মসূচিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ের সম্ভাবনাময় উদ্যোক্তাদের নীতিগত সহায়তা ও বিশেষ অর্থায়নের সুযোগ তৈরি হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে প্রতিষ্ঠানটির প্রত্যাশা।