শিরোনাম

আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই চিংড়ি ঘেরে হামলা, লুট ১০ লাখ টাকার মাছ

আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই চিংড়ি ঘেরে হামলা, লুট ১০ লাখ টাকার মাছ

হাইকোর্টের আদেশ বহাল থাকা অবস্থায় সাতক্ষীরার দেবহাটায় পৈতৃক সম্পত্তির চিংড়ি ঘেরে হামলা, ভাঙচুর ও প্রায় ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিকপক্ষ।

রোববার (২৩ আগস্ট) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শহরের সুলতানপুর এলাকার মৃত ফজলুল কাদেরের মেয়ে ফারজানা কাদের অরিন এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে অরিন বলেন, দেবহাটা থানার বালিখা ও বিল শিমুলবাড়িয়া মৌজায় তাঁদের পৈতৃক ৮ দশমিক ৩৩ একর সম্পত্তি রয়েছে। ২০০২ সালে তাঁর বাবা মারা যাওয়ার পর পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে শরিফুল ইসলাম ও আলমগীর হোসেন তাঁদের জমি অবৈধভাবে ভোগদখল করে আসছিলেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৮ সালে তাঁরা ওই সম্পত্তির দখল ফিরে পান এবং সেখানে বাগদা ও গলদা চিংড়ির চাষ শুরু করেন।

তিনি অভিযোগ করেন, তাঁদের দখল মেনে নিতে না পেরে শরিফুল ইসলামের মা তাহমিনা খাতুন মামলা করেন। মামলাটি হাইকোর্ট পর্যন্ত গড়ালে ২০২৪ সালের ৬ নভেম্বর আদালত তা খারিজ করে দেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৯ মে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির আবেদন করা হলেও হাইকোর্টের ‘স্টে অর্ডার’ বহাল থাকায় মামলার কার্যক্রম স্থগিত রয়েছে বলে দাবি করেন তিনি।

অরিনের অভিযোগ, হাইকোর্টের আদেশ বহাল থাকা সত্ত্বেও গত ১৮ আগস্ট সকালে শরিফুল, আলমগীর ও তুহিনের নেতৃত্বে একদল লোক তাঁদের ২৫ বিঘা আয়তনের চিংড়ি ঘেরে হামলা চালায়। এ সময় পাহারাঘর ভাঙচুর ও কর্মচারীদের মারধর করে প্রায় ১০ লাখ টাকার বাগদা ও গলদা চিংড়ি লুট করা হয়। পরে ঘেরে বিষ প্রয়োগ করা হলে অবশিষ্ট মাছও মারা যায় বলে দাবি করেন তিনি।

এ ছাড়া শিমুলবাড়িয়া এলাকায় তাঁদের আরও সাত বিঘা আয়তনের একটি ঘেরেও হামলা ও লুটপাটের অভিযোগ করেন অরিন।

তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে শরিফুল ইসলাম, আলমগীর হোসেনসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে পৈতৃক সম্পত্তি ও চিংড়ি ঘের রক্ষায় সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর