শিরোনাম

পঞ্চগড়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় আপসের নামে অর্থ লেনদেনের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার ও মানহানির অভিযোগ তুলে ঘটনাটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেও দাবি করেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং ভুক্তভোগী শিশুর ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

লিখিত বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, তেঁতুলিয়ার টায়াগছ গ্রামে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ঘটার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন। পরে ভুক্তভোগী শিশুর পরিবারের কাছ থেকে ঘটনা জানতে পেরে মামলা দায়েরসহ আইনগত বিষয়ে সহযোগিতা করেন। এর মধ্যে একটি পক্ষ তাঁর বিরুদ্ধে ২ লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি আপস করার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও মানহানিকর তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেন তিনি।

সুলতানা রাজিয়া বলেন, শিশু ধর্ষণচেষ্টার মতো গুরুতর অপরাধ কোনোভাবেই আপসযোগ্য নয়। অপপ্রচারের মাধ্যমে তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় কয়েকটি ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে ভুক্তভোগী শিশুর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তেঁতুলিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আবু সালেহ ইব্রাহিম ইমরান, ইউনিয়ন বিএনপি নেতা মতিকুল ইসলাম, সুলতানা রাজিয়ার দেবর আবু তাহের ও ভাতিজা বিএনপি নেতা সাইদুর রহমান সরকার উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর