পাম্পে যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে হঠাৎ পাম্পে ত্রুটি দেখা দিলে ইউনিটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এটি সচল করতে প্রায় এক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, ১ নম্বর ইউনিটটি চালুর জন্য প্রয়োজনীয় মেরামতকাজ চলছে। আগামীকালের মধ্যে ইউনিটটি চালু করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
.jpeg)
কেন্দ্র সূত্রে জানা যায়, বন্ধ হওয়ার আগে ১ নম্বর ইউনিট থেকে ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। পাম্পে ত্রুটি দেখা দেওয়ার পর ইউনিটটি বন্ধ করে দেওয়ায় ওই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।
এদিকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট বর্তমানে চালু রয়েছে। এ ইউনিট থেকে প্রায় ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।

কেন্দ্র সূত্র আরও জানায়, সর্বশেষ গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে গিয়েছিল। পরে দুই দিন পর, ২ আগস্ট ইউনিটটি পুনরায় চালু করা হয়। এর মাত্র ১২ দিনের মাথায় শুক্রবার আবারও ইউনিটটির উৎপাদন বন্ধ হলো।
কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত মেরামতকাজ শেষ করে ১ নম্বর ইউনিটটি পুনরায় চালু করার চেষ্টা চলছে।