বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবনের মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান।
আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, সমাজসেবা কর্মকর্তা দীপঙ্কর কুমার বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, সহকারী প্রোগ্রামার মো. আলমগীর হোসেন, বিএনপি নেতা শেখ ইফতেখার আহমেদ পলাশ, মোড়ল কামরুজ্জামান, মো. আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন দেলোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সাক্ষরতার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। নিরক্ষরতা দূরীকরণে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন।