শেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে শহরের নবীনগর এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় তাঁর বাসভবন থেকে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে সহকারী পরিচালকের বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখা যায়। বিষয়টি নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পরে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সহকারী পরিচালক মো. রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী নিজেকে রুস্তম আলীর দূরসম্পর্কের শালী হিসেবে পরিচয় দিয়েছেন। তাঁর বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত ও তথ্য যাচাই চলছে।