নীলফামারীর ডিমলা উপজেলার ঐতিহ্যবাহী বাবুরহাট বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্নাসহ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে বাজারের প্রধান ড্রেন ও শাখা ড্রেনগুলোতে জমে থাকা পলিমাটি, ময়লা-আবর্জনা অপসারণ করে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত করা হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সামান্য বৃষ্টিতেই ড্রেন উপচে বাজারের সড়কে পানি জমে যেত। এতে ক্রেতা-বিক্রেতাদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ত। দীর্ঘদিনের এ সমস্যার সমাধানে উপজেলা প্রশাসনের উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেন।
অভিযান চলাকালে ডিমলা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তালেব উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন এবং শ্রমিকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারের পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করা হবে। পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, ড্রেনের ওপর অবৈধভাবে গড়ে ওঠা কোনো স্থাপনা চিহ্নিত হলে আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।