খুলনায় ছিনতাইকারীদের হামলায় শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে যাওয়ার পথে তিনজন অজ্ঞাতপরিচয় ছিনতাইকারী শাহ আলমের পথরোধ করে। এ সময় তারা তাঁর টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাঁর দুই হাতের কবজির ওপর ধারালো চাপাতি দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়।
পরে আহত পুলিশ পরিদর্শককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।