শিরোনাম

বিশ্বের শীর্ষ ২% গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক ও ১ শিক্ষার্থী

বিশ্বের শীর্ষ ২% গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক ও ১ শিক্ষার্থী
ছবি:প্রতিনিধি

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় জায়গা করে নিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের তিন শিক্ষক ও এক শিক্ষার্থী। ২০২৬ সালের একক বছরের গবেষণা-সাফল্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ তালিকা প্রকাশ করা হয়।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক গবেষণা ও প্রকাশনা প্রতিষ্ঠান এলসেভিয়ার যৌথভাবে বিশ্বের শীর্ষ গবেষকদের এ তালিকা প্রকাশ করেছে। এতে বাংলাদেশের ৮৮টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের মোট ৩৪৭ জন গবেষক স্থান পেয়েছেন।

তালিকায় বেরোবির শিক্ষকদের মধ্যে রয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস রহমান, সহযোগী অধ্যাপক হাসান আলী এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা তৌফিকুল ইসলাম। একই বিভাগের শিক্ষার্থী অভিজিৎ ঘোষও এ তালিকায় স্থান পেয়েছেন।

এ নিয়ে টানা পঞ্চমবার তালিকায় স্থান পাওয়ায় প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. আবু রেজা তৌফিকুল ইসলাম বলেন, এ অর্জন তিনি পরিবার, সহগবেষক, শিক্ষার্থী, সহকর্মী ও সহযোগীদের উৎসর্গ করছেন। তাদের সহযোগিতা ও অনুপ্রেরণাই গবেষণার পথচলার মূল শক্তি উল্লেখ করে তিনি ভবিষ্যতেও জ্ঞান সৃষ্টি ও সমাজের কল্যাণে গবেষণার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, দাপ্তরিক ব্যস্ততার মধ্যেও নিয়মিত বিভাগ ও গবেষণাগারে সময় দেওয়াই এ সাফল্যের অন্যতম কারণ। এ অর্জন আনন্দ ও গর্বের পাশাপাশি বড় দায়িত্বও তৈরি করেছে বলে উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে তরুণ গবেষকদের সঙ্গে কাজ করে নতুন জ্ঞান ও উদ্ভাবন এবং দেশের প্রয়োজনীয় প্রযুক্তি উন্নয়নে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলাদেশের গবেষকদের মধ্যে তালিকার শীর্ষে রয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক মির্জা হাসানউজ্জামান। দ্বিতীয় অবস্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মুনতাসির মুর্শেদ, তৃতীয় অবস্থানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. তরিকুল ইসলাম, চতুর্থ অবস্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মুহাম্মদ আশরাফুল আলম এবং পঞ্চম অবস্থানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের গবেষক এম. খালিদ হোসেন রয়েছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর