শিরোনাম

মানিকগঞ্জে সারের গুদামে কৃষকের ভিড়, পুলিশ পাহারায় বিতরণ

মানিকগঞ্জে সারের গুদামে কৃষকের ভিড়, পুলিশ পাহারায় বিতরণ

মানিকগঞ্জের দৌলতপুরে সার নিতে গিয়ে গুদামের সামনে কয়েক শ কৃষকের ভিড়কে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। একপর্যায়ে কয়েকজন কৃষক গুদামের ভেতরে ঢুকে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ ও উপজেলা প্রশাসন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পৃথক সারিতে দাঁড় করিয়ে কৃষকদের মধ্যে সার বিতরণ করা হয়।

বুধবার (৭ অক্টোবর) উপজেলার কলিয়া ইউনিয়নের কলিয়া বাজারে মেসার্স রাজ্জাক অ্যান্ড কোং-এর সার গুদামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা সার কিনতে গুদামের সামনে জড়ো হতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর কয়েকজন কৃষক গুদামের ভেতরে প্রবেশ করলে সেখানে উত্তেজনা দেখা দেয়। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ সময় সেখানে উপস্থিত হন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. লুৎফে আল মুঈজ। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় সার বিতরণ কার্যক্রম স্বাভাবিক করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. লুৎফে আল মুঈজ জানান, সংশ্লিষ্ট ডিলার আব্দুর রাজ্জাক মোট ৭০৬ বস্তা বিভিন্ন ধরনের সার উত্তোলন করেছেন। একসঙ্গে বিপুলসংখ্যক কৃষক গুদামের সামনে উপস্থিত হওয়ায় পরিস্থিতি সামাল দিতে কিছুটা সমস্যা হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

ডিলার আব্দুর রাজ্জাক বলেন, একসঙ্গে অনেক কৃষক সার নিতে আসায় গুদামের সামনে অতিরিক্ত ভিড় তৈরি হয়েছিল। পরে প্রশাসন ও পুলিশের সহযোগিতায় শৃঙ্খলা ফিরিয়ে এনে সার বিতরণ করা হয়েছে।

পরে গ্রাম পুলিশের সহায়তায় নারী ও পুরুষ কৃষকদের জন্য পৃথক সারির ব্যবস্থা করা হয়। সংশ্লিষ্ট ওয়ার্ডের উপসহকারী কৃষি কর্মকর্তাদের তত্ত্বাবধানে পর্যায়ক্রমে সার বিতরণ করা হয়। পুরো কার্যক্রমে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করে।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, এত বিপুলসংখ্যক কৃষক একসঙ্গে উপস্থিত হবেন, তা আগে থেকে ধারণা করা যায়নি। ভবিষ্যতে সার বিতরণের স্থানগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রাখা হবে। উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সার বিতরণ করা হয়েছে।

কৃষক মজিদ বলেন, সকালে সার নিতে এসে দেখেন অনেক কৃষকের ভিড়। পরে প্রশাসন ও পুলিশ এসে সারিবদ্ধভাবে বিতরণের ব্যবস্থা করায় তিনি সার নিতে পেরেছেন।

আরেক কৃষক বারেক বলেন, সার নিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। পরে লাইনের ব্যবস্থা করায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

কৃষকদের দাবি, চাষাবাদের মৌসুমে চাহিদা অনুযায়ী সময়মতো পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা গেলে অতিরিক্ত ভিড় ও ভোগান্তি অনেকটাই কমবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর