নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন।
সোমবার (১৬ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্য মো. হেমায়েত উদ্দিনকে (জেলা ও দায়রা জজ, কুমিল্লা) বর্তমান কর্মস্থল থেকে বদলি করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে পদায়ন করা হয়েছে। তার চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও নির্দেশনা দেওয়া হয়েছে যে, বদলিকৃত এই বিচারিক কর্মকর্তা বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত তারিখে নিজ প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকা জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজের নিকট দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদান করবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।