শিরোনাম

পঞ্চগড় সীমান্তে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ গ্রেপ্তার ১

পঞ্চগড় সীমান্তে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ গ্রেপ্তার ১

পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উইনসেরেক্সসহ কাদেরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর মিস্ত্রিপাড়া বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার কাদেরুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার বগাডাঙ্গা গ্রামের মৃত মমির উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসের নির্দেশনায় এ অভিযান চালানো হয়। মিস্ত্রিপাড়া বিওপির হাবিলদার সোহেল রানার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তের মেইন পিলার ৪১৭-এর ৬ নম্বর সাব-পিলারসংলগ্ন এলাকায় তল্লাশি চালায়।

এ সময় সীমান্তের আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাটসিঁড়ি নামক এলাকা থেকে কাদেরুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১০০ মিলিলিটারের ৮০ বোতল ভারতীয় ‘WINCEREX COUGH SYRUP’ উদ্ধার করা হয়।

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা সিরাপের আনুমানিক জব্দমূল্য ৩২ হাজার টাকা। সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য পণ্যের অবৈধ প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৪(গ) অনুযায়ী মামলা করা হয়েছে। পরে তাঁকে পঞ্চগড় সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্তে সব ধরনের চোরাচালান ও অপরাধ প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি কঠোরভাবে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

তিনি আরও জানান, তরুণ সমাজ ও দেশকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর