শিরোনাম

দুর্গাপূজার প্যান্ডেল ও লাইটিং খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

দুর্গাপূজার প্যান্ডেল ও লাইটিং খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রংপুরের কাউনিয়ায় দুর্গাপূজা উপলক্ষে নির্মিত প্যান্ডেল ও লাইটিংয়ের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল উদ্দিন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৈতার মোড় দিঘলটারী দুর্গামন্দিরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল উদ্দিন ওই ইউনিয়নের মণ্ডলটারী মধুপুর গ্রামের জাহিদুল ইসলাম ও সাজেদা বেগম দম্পতির ছেলে। তিনি মধুপুর বাজারের ‘মাহিন সাউন্ড অ্যান্ড ডেকোরেটর’ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে নির্মিত প্যান্ডেল, বৈদ্যুতিক ও লাইটিংয়ের সরঞ্জাম খুলে নেওয়ার জন্য বুধবার সকাল ৮টার দিকে মন্দিরে যান শাকিল। প্যান্ডেল খোলার কাজ শেষে বিদ্যুতের লাইন ও লাইটিংয়ের সরঞ্জাম অপসারণের প্রস্তুতিকালে জেনারেটরে হাত দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।

পরে মন্দিরে উপস্থিত লোকজন ও দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাঁকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল বলেন, প্যান্ডেল ও লাইটিংয়ের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

ওসি আরও জানান, এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর