মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিদর্শনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টার দিকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খান দলীয় নেতাকর্মীদের নিয়ে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান।
এ সময় দালাল সন্দেহে এক ব্যক্তিকে সংসদ সদস্যের ব্যক্তিগত নিরাপত্তাকর্মী চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ ওঠে। পরে ওই ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তরের কথা বলে আটকে রাখা হয়।
বিষয়টি জানতে পেরে বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে ওই ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
এ সময় সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খানও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় কিছু সময় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।