শিরোনাম

নীলফামারীতে সুশীল গীর হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

নীলফামারীতে সুশীল গীর হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

নীলফামারীর কিশোরগঞ্জে সুশীল গীর ওরফে শিয়াল গীর (৬০) হত্যা মামলার চার আসামিকে পৃথক স্থান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে তাদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—বাহাগিলী ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের শ্যামল চন্দ্র রায়ের স্ত্রী ববিতা রানী রায় (৪২), মৃত তারুনী রায়ের ছেলে শ্যামল চন্দ্র রায় (৪৫), শ্যামল চন্দ্র রায়ের ছেলে আকাশ চন্দ্র রায় (২২) এবং মৃত হরেন গীরের ছেলে বিকাশ ওরফে আনোয়ার গীর (৪৫)।

বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট বিয়ে সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে সুশীল গীরের ওপর হামলার অভিযোগ ওঠে। পরে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ১৬ আগস্ট বিকেলে তিনি মারা যান। এ ঘটনায় ওই দিনই কিশোরগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়।

মামলা হওয়ার পর আসামিরা বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান। মঙ্গলবার বিকাশ ওরফে আনোয়ার গীরকে নীলফামারী থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার গাজীপুর থেকে অপর তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

বুধবার সকালে গ্রেপ্তারদের কিশোরগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়।

কিশোরগঞ্জ থানার ওসি আব্দুর গফুর বলেন, সুশীল গীর হত্যার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন। গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় একজনকে নীলফামারী এবং অপর তিনজনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর