সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল সরবরাহের অভিযোগে মেসার্স মিলিনিয়াম ইউরিকা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিমাপে ত্রুটি পাওয়া মেশিনটি সংশোধন না করা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে ফিলিং স্টেশনটিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) খুলনা কার্যালয়ের পরীক্ষক মো. রহিজ আহম্মেদ উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা জানান, ফিলিং স্টেশনটিতে গ্রাহকদের দীর্ঘদিন ধরে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল দেওয়ার অভিযোগ ছিল। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়।
তিনি জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি যে মেশিনের মাধ্যমে পরিমাণে কম তেল সরবরাহ করা হচ্ছিল, সেটির পরিমাপের ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। সঠিক পরিমাপ নিশ্চিত না হওয়া পর্যন্ত মেশিনটি বন্ধ রাখতে বলা হয়েছে।