দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৩ জন। এতে দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগে একজন করে এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।
এর আগে শনিবার (১০ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। ওই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ছিল ৯৫৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৫৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫১ জন মারা গেছেন।
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সাধারণত জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে ফুসকুড়ি দেখা দেওয়া এ রোগের প্রধান লক্ষণ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে হাম গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি রোগ প্রতিরোধে সচেতনতা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ গুরুত্বপূর্ণ।