শিরোনাম

গঙ্গাচড়ায় প্রশ্নপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

গঙ্গাচড়ায় প্রশ্নপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

রংপুরের গঙ্গাচড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র তৈরির নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার ১৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১ হাজার ৬৮৫ শিক্ষার্থীর কাছ থেকে শ্রেণিভেদে ৮ থেকে ৯ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

আগামী ১৭ আগস্ট রংপুর জেলার আট উপজেলায় একযোগে দ্বিতীয় সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে প্রশ্নপত্র সরবরাহের নামে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অর্থ নিয়ে এ অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির প্রশ্নপত্র তৈরিতে শিক্ষার্থীপ্রতি ব্যয় হয়েছে প্রায় আড়াই টাকা এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির প্রশ্নপত্র তৈরিতে প্রায় তিন টাকা। তবে গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কার্যালয় থেকে প্রধান শিক্ষকদের কাছে শ্রেণিভেদে ৮ ও ৯ টাকা দরে প্রশ্নপত্র দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে নগর বন বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুজ্জামান, জয়দেব কইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম এবং বেতগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদুল করিম লিটন বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সিদ্ধান্ত অনুযায়ীই তারা টাকা দিতে বাধ্য হয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ। তিনি বলেন, “প্রশ্নপত্র তৈরি করে বিক্রির কোনো সিদ্ধান্ত অফিসের ছিল না। প্রধান শিক্ষকরাই দায়িত্বটি চাপিয়ে দিয়েছেন। প্রশ্নপত্র ছাপাতে যে খরচ হয়েছে, শুধু সেই খরচই নেওয়া হয়েছে।”

প্রশ্নপত্র তৈরির প্রকৃত ব্যয় এবং শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থের মধ্যে পার্থক্য নিয়ে উঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বচ্ছ ব্যাখ্যা ও যাচাই দাবি করেছেন শিক্ষক ও অভিভাবকদের অনেকে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর