শিরোনাম

ভাত রান্নার সময় ম্যাজিক চুলায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ভাত রান্নার সময় ম্যাজিক চুলায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলায় ম্যাজিক চুলায় ভাত রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার চাকলাহাট ইউনিয়নের চাকলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নাসিমা বেগম ওই এলাকার শহিম উদ্দীনের স্ত্রী।

নিহতের মেয়ে মাইশা আক্তার জানান, সকালে তিনি পড়াশোনা করছিলেন। এ সময় তার মা ম্যাজিক চুলায় ভাত রান্না করছিলেন। হঠাৎ একটি শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন, তার মা মেঝেতে পড়ে আছেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, আগেই তার মৃত্যু হয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌরভ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, সুরতহাল শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর