শিরোনাম

সৈয়দপুরে স্কুলের সীমানাপ্রাচীর ভাঙচুর, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

সৈয়দপুরে স্কুলের সীমানাপ্রাচীর ভাঙচুর, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

নীলফামারীর সৈয়দপুরে বাঙালিপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ভাঙতে বাধা দেওয়ায় দপ্তরী কাম প্রহরী মো. গোলাম রব্বানীকে মারধর করে আহত করা এবং তাঁর মুঠোফোন কেড়ে নিয়ে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর দেওয়া স্মারকলিপি সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের সড়কসংলগ্ন সীমানাপ্রাচীর ভাঙচুর করা হয়। এ সময় বাধা দিতে গেলে গোলাম রব্বানীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সীমানাপ্রাচীর ভাঙতে বাধা দেওয়ায় অভিযুক্তদের একজন গোলাম রব্বানীর মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে পড়ে গেলে তাঁকে আবারও মারধর করা হয়। একপর্যায়ে তাঁর ব্যবহৃত মুঠোফোন কেড়ে নিয়ে পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়। আহত গোলাম রব্বানী বর্তমানে সৈয়দপুরের কুন্দলে অবস্থিত ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। সন্তানদের বিদ্যালয়ে পাঠানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকেরা। পাশাপাশি সীমানাপ্রাচীর ভাঙচুর ও বিদ্যালয়ের কর্মচারীকে মারধরের ঘটনায় শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

স্মারকলিপিতে মো. রুহুল আমিন (বাবু), মো. আমিন ও মো. আরিফসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। এতে ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ের সম্পদ ও শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ভাঙচুর ও দপ্তরীকে মারধরের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর