শিরোনাম

ব্রাজিলের জালে ৫ মিনিটে দুই গোল, প্রথমার্ধে ২-২

ব্রাজিলের জালে ৫ মিনিটে দুই গোল, প্রথমার্ধে ২-২

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচেও স্বস্তিতে নেই ব্রাজিল। ব্রিসবেনের ল্যাং পার্কে ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে ২-২ সমতায়। এর আগে টাউনসভিলে দুই দলের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। দ্বিতীয় মিনিটে ডান প্রান্ত থেকে তৈরি আক্রমণ থেকে ভান্দেরসন দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠান। দ্রুত গোল হজম করেও অবশ্য নিজেদের ছন্দ হারায়নি অস্ট্রেলিয়া।

২৮ থেকে ৩৩—এই পাঁচ মিনিটেই ব্রাজিলের জালে দুইবার বল পাঠায় স্বাগতিকরা।

২৮ মিনিটে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। মেটকাফের নেওয়া কর্নারে ব্রাজিলের এক খেলোয়াড়ের মাথায় লেগে বল চলে যায় দূরের পোস্টে থাকা আলেসান্দ্রো সিরকাটির কাছে। দারুণ ভঙ্গিতে পা ছুঁইয়ে বল জালে পাঠান অস্ট্রেলিয়ার এই ডিফেন্ডার। গোলটি অফসাইড কি না, তা যাচাই করতে ভিএআরের সহায়তা নেওয়া হলেও শেষ পর্যন্ত গোলের সিদ্ধান্ত বহাল থাকে।

এর পাঁচ মিনিট পরই আবার এগিয়ে যায় অস্ট্রেলিয়া। দ্রুত আক্রমণ থেকে ব্রাজিলের রক্ষণ ভেঙে গোল আদায় করে নেয় স্বাগতিকরা।

তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচে সমতা ফেরায় ব্রাজিল। ৪৫ মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে অস্ট্রেলিয়ার বক্সে ঢোকার সময় হ্যারি সাউটারের চ্যালেঞ্জে পড়ে যান দানিলো। প্রথমে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন রেফারি। পরে ভিএআরের পরামর্শে ব্রাজিলকে পেনাল্টি দেওয়া হয়।

স্পটকিক নিতে এগিয়ে আসেন ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া। নিচু শটে বল গোলের নিচের কোণায় পাঠান তিনি। অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ সঠিক দিকেই ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু শটের গতি বেশি থাকায় বল ঠেকাতে পারেননি।

রাফিনিয়ার পেনাল্টিতে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ২-২ সমতায় ফেরে ব্রাজিল।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর