খুলনার দিঘলিয়ায় দুর্বৃত্তদের গুলিতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা নাসিমুল গনি নিহত হয়েছেন। আজ বেলা সাড়ে ১১ টায় সেনহাটি ফরমাইশখানা এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফরমাইশখানা এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নাসিম বাড়ির সামনে চা খেতে বের হলে একটি ভ্যানে করে দুই ব্যক্তি সেখানে আসে। এ সময় তারা নাসিমকে লক্ষ্য করে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সানোয়ার হুসাইন মাসুম জানান, ঘটনাটি বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে ঘটেছে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা এবং তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে এবং কারা তাকে গুলি করে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
সোহেল মাহমুদ, খুলনা।