দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে পাঁচটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উত্থাপিত দুটি প্রস্তাব পর্যালোচনা করা হয়। সভায় প্রস্তাব দুটি সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান।
প্রথম প্রস্তাবে চেনিয়ার মার্কেটিং ইন্টারন্যাশনাল এলএলপি ও ট্রাফিগুরা প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এলএনজি সরবরাহের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এ ক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(১) ও ১০৭(১) বিধি অনুসারে সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রক্রিয়াকরণের সুপারিশ করা হয়।
অন্যদিকে, দ্বিতীয় প্রস্তাবে জাতীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, সাহারা এনার্জি রিসোর্স লিমিটেড এবং শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডলইস্ট লিমিটেড এফজেডইর কাছ থেকে এলএনজি কেনার বিষয়টি উপস্থাপন করা হয়।
এ প্রস্তাবের ক্ষেত্রেও সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এ জন্য সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ১০৭, ৯৭ ও ৯৮ বিধি অনুসরণের কথা উল্লেখ করা হয়েছে।
দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে এলএনজি সংগ্রহের এসব প্রস্তাব পরবর্তী প্রক্রিয়ায় এগিয়ে নেওয়ার সুপারিশ করেছে কমিটি।