শিরোনাম

চলন্ত ট্রাক্টরের চাকার নিচে পড়ে প্রাণ গেল কিশোর শ্রমিকের

চলন্ত ট্রাক্টরের চাকার নিচে পড়ে প্রাণ গেল কিশোর শ্রমিকের

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় চলন্ত ট্রাক্টরে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে আলামিন (১৬) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন ওই এলাকার হযরত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে আলামিন ট্রাক্টর শ্রমিক হিসেবে বালু লোড-আনলোডের কাজ করত। সোমবার সকালে চলন্ত ট্রাক্টরে ওঠার সময় তার পা পিছলে যায়। এ সময় সে ট্রাক্টরের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়। এতে তার মুখ ও মাথা থেঁতলে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রেজওয়ানুল্লাহ বলেন, ওই শ্রমিকের মাথা ও মুখ চাকার নিচে পড়ে থেঁতলে গেছে। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা ট্রাক্টরে উঠতে গিয়ে ওই কিশোরের মৃত্যুর ঘটনা দেখেছেন। তবে তাঁরা ট্রাক্টর ও চালককে শনাক্ত করতে পারেননি। ঘটনার পর ট্রাক্টরটি পালিয়ে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর