শিরোনাম

দুই কর্মচারীকে মারধরের অভিযোগ, কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী প্রত্যাহার

দুই কর্মচারীকে মারধরের অভিযোগ, কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী প্রত্যাহার

কুড়িগ্রাম পৌরসভার দুই কর্মচারীকে মারধরের অভিযোগ ওঠার তিন দিনের মাথায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বীকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত বৃহস্পতিবার পৌরসভার ভারপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক রশিদ ও পরিচ্ছন্নতাকর্মী আনারুল ইসলামকে মারধরের অভিযোগ ওঠে প্রধান নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বীর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে পৌরসভার কর্মচারীরা কর্মবিরতি পালন করে অভিযুক্ত কর্মকর্তার প্রত্যাহার ও ঘটনার বিচার দাবি করেন।

প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে পৌরসভার কর্মচারীরা পরস্পরকে মিষ্টি খাওয়ান এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। কর্মচারী নেতারা এটিকে তাঁদের আন্দোলনের ফল হিসেবে উল্লেখ করেছেন।

কুড়িগ্রাম জেলা পৌর কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান বুলু বলেন, দুই কর্মচারীকে মারধরের অভিযোগের বিচার ও শাস্তির দাবিতে তাঁরা কর্মবিরতি পালন করছিলেন। প্রধান নির্বাহী কর্মকর্তার প্রত্যাহারের মাধ্যমে তাঁদের দাবির একটি অংশ পূরণ হয়েছে।

তবে মারধরের অভিযোগের বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর