বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া বাকি ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবার কোনো মালিক পাওয়া যায়নি।
বিজিবি সূত্র জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বিজিবির একটি দল ঘুমধুম সীমান্তের ৩২ নম্বর পিলারসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ১০ হাজার পিস ইয়াবাসহ ইসলাম (২৫) ও মোজিবুল্লাহ (২৩) নামে দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।

এরপর রোববার (১১ অক্টোবর) ভোরে বাইশফাঁড়ী সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় পরিত্যক্ত অবস্থায় আরও ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব মাদকের সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
দুই অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার মোট পরিমাণ দুই লাখ পিস।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।