সাতক্ষীরার শ্যামনগরে নাশকতার অভিযোগে থানায় জমা দেওয়া একটি এজাহারে সাবেক ছাত্রদল নেতা ও সাংবাদিক আব্দুর রহমান বাবুর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ৮৫ জনের নাম উল্লেখ করে দেওয়া ওই এজাহারে তাঁকে ৩৭ নম্বর আসামি করা হয়েছে। তবে এজাহারটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি বলে জানা গেছে।
আব্দুর রহমান বাবু শ্যামনগর উপজেলা ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি। বর্তমানে তিনি দৈনিক কালবেলার শ্যামনগর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
বাবু জানান, ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি শ্যামনগর উপজেলা ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। পরে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করেন। এরপর রাজনীতিতে সক্রিয় না থেকে সাংবাদিকতায় যুক্ত হন।
বাবুর অভিযোগ, তিনি এবং শ্যামনগর উপজেলা যুবদলের সদস্যসচিব আনারুল ইসলাম আঙুর কয়েক বছর ধরে বালু ও ঘের ব্যবসার সঙ্গে যুক্ত। এ কারণে বিভিন্ন সময়ে তাঁদের কাছে কেউ কেউ চাঁদা দাবি করেছেন। এ নিয়ে বিএনপির একটি অংশের সঙ্গে তাঁদের বিরোধ তৈরি হয়েছে। সেই বিরোধের জেরেই তাঁকে নাশকতার মামলায় জড়ানোর ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন তিনি।
শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক মাস্টার আব্দুল ওয়াহিদ বলেন, আব্দুর রহমান বাবু তাঁর ছাত্র ছিলেন। তিনি শ্যামনগর উপজেলা ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক এবং পরে জেলা ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
আব্দুল ওয়াহিদের ভাষ্য, বাবু ও আনারুল ইসলাম আঙুর বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় বিএনপির নাম ব্যবহার করে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তাঁদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল বলে তিনি শুনেছেন। এতে ব্যর্থ হয়ে বাবুর বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ড করা হয়েছে বলে তাঁর ধারণা। তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল্লাহ পাটোয়ারী বলেন, “কেউ বাদী হয়ে মামলা দিলে তা গ্রহণ করা ছাড়া পুলিশের উপায় থাকে না। তবে তদন্তে কেউ নির্দোষ প্রমাণিত হলে তাঁর নাম মামলা থেকে বাদ যাবে।”
তিনি আরও বলেন, “মামলা যদি না নিই, তাহলে আমার ওপর চাপ আসবে।”