শিরোনাম

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির
ফাইল ছবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার পর সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাল্টা গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭ বিজিবির অধীন জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, ঘটনার পরপরই তাদের নিয়মিত টহল দল পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়। সীমান্তে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে পাল্টা গুলি চালানো হয়। পাশাপাশি সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর