ফরিদপুরের সালথা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে গ্রেপ্তার হওয়া মো. মাহাবুবুর রহমান পাঞ্জু (৪৮)কে ফরিদপুর আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহাবুবুর রহমান পাঞ্জু বল্লভদী ইউনিয়নের মধ্য ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে অভিযান চালিয়ে পাঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।