শেরপুরের ঝিনাইগাতীতে রাতের আঁধারে তিনটি ঘোড়া জবাই করে মাংস কাটার সময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে একটি চক্র। পরে ঘটনাস্থল থেকে জবাই করা তিনটি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে তিনটি জীবিত ঘোড়াও উদ্ধার করা হয়েছে।
গতকাল মধ্যরাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভালুকা এলাকার ফরহাদের বাড়ির পেছনে ফুলহারি নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফুলহারি এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গত রাতে কয়েকজন সেখানে ঘোড়া জবাই করে মাংস কাটছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে গেলে কারবারিরা মাংস ফেলে দ্রুত পালিয়ে যান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবাই করা তিনটি ঘোড়ার মাংস জব্দ করে। এ সময় সেখান থেকে তিনটি জীবিত ঘোড়াও উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে। জব্দ করা মাংসের বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।