শিরোনাম

বিকেএসপিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারাতে শিক্ষার্থীর মৃত্যু

বিকেএসপিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারাতে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারাতে বিভাগের শিক্ষার্থী ইয়াসার আহমেদ জীম (কিশোর) মারা গেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি ইয়াসারের পরিবার নিশ্চিত করেছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে বিকেএসপি কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, অনুশীলন শেষে ফেরার পথে ক্যাম্পাসের একটি দেয়াল টপকানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ইয়াসার। তবে সংরক্ষিত ক্যাম্পাস এলাকায় একজন শিক্ষার্থীর দেয়াল টপকানোর প্রয়োজন কেন হয়েছিল এবং কীভাবে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলেন—এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ঘটনার পর ইয়াসারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে বিকেএসপি একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে পরিবারকে জানানো হয়েছে।

নিহত ইয়াসার আহমেদ জীম কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখতার আহমেদের ছেলে।

শৈশব থেকেই মার্শাল আর্টে ক্যারিয়ার গড়ার স্বপ্ন ছিল ইয়াসারের। সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)-এর কারাতে বিভাগে ভর্তি হয়ে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছিলেন।

সম্প্রতি অনুষ্ঠিত ১০ম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ বাংলাদেশ জুনিয়র দলের হয়ে অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন তিনি।

প্রতিভাবান এই তরুণ কারাতে শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী, মহেশখালীবাসী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিটির প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন স্বজনরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর