সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল হওয়া একটি ভিডিওর সঙ্গে নিজের ছবি জুড়ে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড়ের এক তরুণী। তিনি দাবি করেছেন, ভাইরাল ভিডিওটির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং পরিকল্পিতভাবে তার ছবি ব্যবহার করে চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রাহিমিন মারিয়া এলিন এসব অভিযোগ করেন।
তিনি জানান, তিনি পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। ছোটবেলায় বাবা-মাকে হারিয়ে নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।
রাহিমিন মারিয়া এলিনের ভাষ্য, একটি রেস্টুরেন্টে একটি সংগঠনের কর্মসূচি নিয়ে আলোচনার সময় পানিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে একটি ছবি তোলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল হওয়া একটি আপত্তিকর ভিডিওর সঙ্গে সেই ছবিটি যুক্ত করে বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে ভিন্ন পরিচয়ে প্রচার করা হয়।
তিনি বলেন, ভাইরাল ভিডিওতে থাকা নারী তিনি নন এবং তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। অথচ তাকে কখনো ভিন্ন ধর্মের, আবার কখনো ভিন্ন পরিচয়ের ব্যক্তি হিসেবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা তার ব্যক্তিগত সম্মান, সামাজিক অবস্থান ও ভবিষ্যতের জন্য ক্ষতিকর।
তিনি আরও জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার কয়েকদিন আগে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবিটি পোস্ট করেছিলেন। পরে ছবিটি অপব্যবহারের আশঙ্কায় সেটি মুছে ফেললেও এর আগেই কেউ ছবিটি সংরক্ষণ করে অপপ্রচারে ব্যবহার করে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ঘটনার কারণে তিনি চরম মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতেও সংকোচ বোধ করছেন।
অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।